সারাদেশ

রডের বদলে বাঁশ, বাসাইলে সেতু নির্মাণে অনিয়ম; প্রকৌশলী বরখাস্ত; ঠিকাদারের বিরুদ্ধে মামলা

  নির্ভীক কন্ঠ:ডিজিটাল ডেক্স ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৫৯:১৮ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ ঘটনায় অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।

গ্রামীণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৯০ দশমিক ০৬ মিটার। প্রায় ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ করছে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ।

স্থানীয় বাসিন্দারা গত রোববার রাতে সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ের সময় রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি দেখতে পান। তারা এ কাজে বাধা দেন। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে এলজিইডি। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত পৃথক আদেশে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনায় টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন এবং বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্মাণকাজে অনিয়মের জন্য ঠিকাদারের পাশাপাশি কাজ তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content