নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২৪ মে ২০২৬ , ১২:১৩:১৬ প্রিন্ট সংস্করণ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অতীত পারফরম্যান্স বেশ হতাশাজনক ও অনুজ্জ্বল। এখন পর্যন্ত আসরের ছয়টি সংস্করণে অংশ নিয়ে ২৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল (বাঘিনীরা), যার মধ্যে জয় এসেছে মাত্র ৩টিতে। বাকি ২২টি ম্যাচেই হেরেছে তারা। তবুও এই দীর্ঘ ব্যর্থতার অধ্যায়কে পেছনে ফেলে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এই টুর্নামেন্টে বাংলাদেশ দল বরাবরই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে। বোলাররা অনেক ম্যাচেই ভালো পারফর্ম করলেও, ব্যাটাররা প্রত্যাশিত বড় স্কোর গড়তে না পারায় অধিকাংশ ম্যাচেই পরাজয় এসেছে। অতীতে কেবল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের।
বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের প্রস্তুত করতে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নিগার সুলতানার দল। স্বাগতিক স্কটল্যান্ডের পাশাপাশি সেখানে অংশ নেবে নেদারল্যান্ডসও। এই সফরের উদ্দেশ্যে আজ রোববার (২৪ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এবং ২৬ তারিখ সকালে দুই ভাগে বিভক্ত হয়ে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
যাত্রার আগে মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি জানান ইতিহাস বদলের চ্যালেঞ্জের কথা। তিনি বলেন, “একটা উইনলেস ধারায় আমরা ছিলাম। তবে আমি এটাকে বোঝা হিসেবে না দেখে ইতিহাস বদলে দেওয়ার একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছি।”
এবারের বিশ্বকাপকে সামনে রেখে দল ও প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। তিনি আরও বলেন, “গত সিরিজের পর থেকেই আমরা নিজেদের ঘাটতি নিয়ে কাজ করছি। কিছু ম্যাচ খেলেছি, ফল আমাদের পক্ষে না এলেও অনেক ইতিবাচক দিক পেয়েছি। বোলিং ইউনিট সবসময়ই ভালো করছে, পাশাপাশি দুই-তিনজন খেলোয়াড় ধারাবাহিকভাবে ভালো ফর্মে আছে। আমাদের লক্ষ্য ছিল যারা ছন্দে আছে তারা যেন সেটি ধরে রাখতে পারে এবং বিশ্বকাপেও একইভাবে পারফর্ম করে।”
এই বিশ্বকাপে অন্তত তিনটি জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের প্রত্যাশা বেশি থাকলেও ভারতের বিপক্ষে আগের জয় থেকেও অনুপ্রেরণা নিচ্ছে দলটি।
১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল।

















