প্রতিনিধি ৯ মে ২০২৬ , ১০:৪৭:১৯ প্রিন্ট সংস্করণ
২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে এখন আর পাঁচ সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের অপেক্ষা বাড়ছে প্রিয় দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণাকে ঘিরে। স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়সীমা ও খেলোয়াড় পরিবর্তনের কঠোর নিয়মাবলি ইতোমধ্যেই প্রকাশ করেছে ফিফা। সবকিছু ঠিক থাকলে এবারের বিশ্বকাপে অংশ নিতে উত্তর আমেরিকায় পাড়ি জমাবেন মোট ১ হাজার ২৪৮ জন ফুটবলার।

বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতির প্রথম ধাপ শুরু হবে আগামী ১১ মে থেকে। এই সময়ের মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোকে ফিফার কাছে তাদের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হবে। তালিকায় ন্যূনতম ৩৫ জন এবং সর্বোচ্চ ৫৫ জন ফুটবলারের নাম রাখা যাবে। একই সঙ্গে কোচিং স্টাফ, চিকিৎসক ও টিম ম্যানেজারসহ সর্বোচ্চ ৭৫ জন কর্মকর্তার তথ্যও জমা দিতে হবে।
ফিফা জানিয়েছে, এই প্রাথমিক তালিকা সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হবে না। এটি মূলত বিশ্বকাপের জন্য অনুমোদিত খেলোয়াড়দের একটি অফিসিয়াল তালিকা হিসেবে বিবেচিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে বা ছিটকে গেলে শুধুমাত্র এই তালিকাভুক্ত খেলোয়াড়দের মধ্য থেকেই বদলি নেওয়া যাবে। বিশেষ পরিস্থিতিতে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এই তালিকায় পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে।
ক্লাব ফুটবল থেকে খেলোয়াড় ছাড়ার বিষয়েও নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগামী ২৫ মে’র মধ্যে ক্লাবগুলোকে তাদের খেলোয়াড়দের জাতীয় দলের ক্যাম্পে পাঠাতে হবে। অধিকাংশ ক্লাব প্রতিযোগিতা ২৩ মে’র মধ্যে শেষ হয়ে যাবে এবং ২৪ মে থেকে খেলোয়াড়দের বিশ্রাম ও জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। তবে ইউরোপীয় ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ কিছু ফাইনালের কারণে বিশেষ ছাড় রাখা হয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল (৩০ মে), কনফারেন্স লিগ ফাইনাল (২৮ মে) এবং কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ফাইনালে (৩০ মে) অংশ নেওয়া ফুটবলারদের জন্য ফিফার অনুমোদন সাপেক্ষে আলাদা সময়সূচি কার্যকর হতে পারে।
চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত। প্রতিটি দলকে ২৩ থেকে ২৬ জন ফুটবলার নিয়ে তাদের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। কাতার বিশ্বকাপের ধারাবাহিকতায় এবারও ২৬ সদস্যের স্কোয়াড রাখার সুযোগ থাকছে। ফিফা জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে সব দলের চূড়ান্ত স্কোয়াড ২ জুন প্রকাশ করা হবে। যদিও জাতীয় দলগুলো চাইলে তার আগেই নিজেদের দল ঘোষণা করতে পারবে, তবে ফিফার অনুমোদনের পরই সেটি অফিসিয়াল হিসেবে গণ্য হবে।
খেলোয়াড় বদলের ক্ষেত্রেও কঠোর অবস্থানে রয়েছে ফিফা। চূড়ান্ত স্কোয়াডে থাকা কোনো ফুটবলার গুরুতর অসুস্থতা বা বড় ধরনের ইনজুরিতে আক্রান্ত হলেই কেবল পরিবর্তনের অনুমতি মিলবে। সেই পরিবর্তন অবশ্যই দলের প্রথম ম্যাচ শুরুর অন্তত ২৪ ঘণ্টা আগে সম্পন্ন করতে হবে। তবে বদলি হিসেবে নেওয়া খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক তালিকায় থাকতে হবে। ফিফার মেডিক্যাল টিম খেলোয়াড়ের শারীরিক অবস্থা পরীক্ষা করে অনুমোদন দিলেই কেবল পরিবর্তন কার্যকর হবে।

















