নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ২৫ মে ২০২৬ , ৪:১৭:০৪ প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর আপন ভাগিনা রিপন মিয়ার (১৯) বিরুদ্ধে। ঘটনার পর রক্তমাখা ধারালো অস্ত্রসহ অভিযুক্ত রিপনকে ঘরের ভেতর থেকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন।
নিহত সাথী আক্তার স্থানীয় প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং নিহতের স্বামীর আপন ভাগিনা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নিজ বাড়িতে মামী সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রিপন ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাথী আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, হত্যাকাণ্ডের পর রিপন মিয়া রক্তাক্ত মরদেহের পাশেই ধারালো অস্ত্র হাতে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয়। বিষয়টি জানতে পেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত রিপন মিয়াকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, হত্যার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

















