সারাদেশ

মোবাইলের মাধ্যমে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যাওয়ার সময় শিশুসহ এক নারীকে আটক করা হয়েছে।

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ২৩ মে ২০২৬ , ২:৪৫:৪৯ প্রিন্ট সংস্করণ

আটক হওয়া নারী ও তার শিশুসন্তান।

ভিন্ন দেশ হলেও মোবাইল অ্যাপ ‘ইমো’-র মাধ্যমে পরিচয়ের সূত্রপাত। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, যা পরবর্তীতে মোবাইল ফোনেই বিয়েতে রূপ নেয়। তবে সেই স্বামীর কাছে পৌঁছাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন বৃষ্টি খাতুন (২৫)। এ সময় তার সঙ্গে ছিল ৩ বছর বয়সী কন্যা সন্তান আয়েশা।

ঘটনার পর শনিবার (২৩ মে) সকালে আটক বৃষ্টি খাতুনকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। পরে তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়।

আটক বৃষ্টি খাতুন মাদারীপুর জেলার শিবচর থানার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে। তিনি স্থানীয়ভাবে ইমরান হোসেনের স্ত্রী ছিলেন। পারিবারিক কলহের কারণে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

বৃষ্টির দাবি, মোবাইল অ্যাপ ইমোর মাধ্যমে ভারতের মুর্শিদাবাদ এলাকার বাসিন্দা মাইদুল শেখের সঙ্গে তার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে মোবাইল ফোনেই তারা বিয়ে সম্পন্ন করেন। স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে তিনি দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানান তিনি।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অমরখানা ইউনিয়নের মাধুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পঞ্চগড় সীমান্ত এলাকার মেইন পিলার ৭৫১-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া এলাকা থেকে শুক্রবার (২২ মে) ভোরে বৃষ্টি খাতুন ও তার তিন বছরের মেয়ে আয়েশা খাতুনকে আটক করে বিএসএফের ৯৩ চানাকিয়া ক্যাম্পের টহল দল।

পরে একই দিন বিকেলে বিএসএফ বিষয়টি ৫৬ বিজিবির মাধুপাড়া কোম্পানি কমান্ডারকে অবহিত করে। পরবর্তীতে রাতের দিকে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে পরিচয় যাচাই-বাছাই শেষে আটক মা-মেয়েকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিজিবির মাধ্যমে হস্তান্তরের পর এজাহারের ভিত্তিতে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক নারীকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বৈধ পাসপোর্ট ছাড়া সীমান্ত অতিক্রমের সময়ই তাদের আটক করা হয়।

তথ্যসূত্র: সময় টিভি

আরও খবর

Sponsered content