সারাদেশ

জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেস্ক ১২ মে ২০২৬ , ২:২৯:৩৪ প্রিন্ট সংস্করণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন বলে জানা গেছে।

সোমবার (১১ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর ও দোহাজারী পৌরসভার সংযোগস্থল পাঠানিপুল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিকেলের দিকে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ১০ থেকে ১২ জনের একটি দল ব্যানার হাতে মহাসড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ব্যানারে লেখা ছিল, ‘দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।’ এছাড়া ব্যানারের নিচে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নামের পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবিও দেখা যায়।

মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে মোহাম্মদ হৃদয় ও আরিফ নামে দুজনকে শনাক্ত করা সম্ভব হলেও অন্যদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তিনি দেখেছেন। মিছিলটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা শনাক্ত করার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content