নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ৬ জুলাই ২০২৬ , ৯:৫৩:৩৭ প্রিন্ট সংস্করণ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশের নির্মাতা। তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে তারা দেশ গঠনের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে পারে।

তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ সম্পদ। আগামী দিনের উন্নত বাংলাদেশ বিনির্মাণে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের অগ্রযাত্রার প্রধান শক্তিতে পরিণত হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনে গিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে সরকারি শিশু পরিবারের সদস্যরা নৃত্য, সংগীত ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। শিশুদের পরিবেশনা তিনি গভীর আগ্রহের সঙ্গে উপভোগ করেন এবং তাদের প্রতিভার ভূয়সী প্রশংসা করেন।
ডা. জুবাইদা রহমান বলেন, সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষার আলোয় আলোকিত হয়ে এই শিশুরাই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখবে। তিনি আশা প্রকাশ করেন, তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল হবে।
তিনি আরও বলেন, একটি আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শৈশব থেকেই সততা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা জরুরি। ছোটবেলা থেকেই এসব মূল্যবোধের ভিত্তি শক্ত হলে শিশুরা ভবিষ্যতে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

















