নির্ভীক কন্ঠ: ডিজিটাল রির্পোট ১০ মে ২০২৬ , ৯:৩৪:০৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

রোববার (১০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, শনিবার (৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদীপথে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম।
অভিযান চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-৬’ জাহাজ থেকে ‘ওটি আজু শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কারে অবৈধভাবে ডিজেল স্থানান্তরের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া ডিজেলের বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সময় পাচারচক্রের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৯ জনকে আটক করা হয়। পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে বন্দর কর্তৃপক্ষ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

















