অর্থনীতি

৬ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেস্ক ১০ জুলাই ২০২৬ , ৩:২২:১০ প্রিন্ট সংস্করণ

ছবি: সংগ্রহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা এ লক্ষ্য বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আদায় সন্তোষজনক হবে। এনবিআরের সবাই প্রস্তুত। আমরা যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা পূরণ হবে।’ চলতি অর্থবছরে এনবিআরের জন্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা সদ্য সমাপ্ত অর্থবছরের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি।

বৈঠকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতারাও শিল্প খাতের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। এ বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে সরকারের নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে। বিভিন্ন খাতের সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানের পথ খুঁজতেই এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, বিটিএমএর পক্ষ থেকে একাধিক দাবি ও সমস্যার বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে কয়েকটি বিষয় বৈঠকেই সমাধান করা সম্ভব হয়েছে, আর বাকি বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

ব্যবসার পরিবেশ আরও অনুকূল করতে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন খাতে ইতোমধ্যে নিয়ন্ত্রণ শিথিল বা ডিরেগুলেশন কার্যক্রম শুরু হয়েছে। যেসব সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলোও ধারাবাহিক আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে সমাধান করা হবে।

আরও খবর

Sponsered content