জাতীয়

দেশে জ্বালানি সংকটেও শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ , ২:১৫:৫০ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: ভিডিও থেকে

জ্বালানি তেলের দাম বাড়ার পরও দেশে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি কমেনি বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের পর বেসরকারি মালিকানাধীন শিল্পকারখানাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। জ্বালানি সংকট থাকা সত্ত্বেও দেশের শিল্পকারখানার উৎপাদন কমেনি। যদিও রপ্তানি কিছুটা হ্রাস পেয়েছে, তবে তার কারণ জ্বালানি সংকট নয়, বরং বৈশ্বিক বাজারে রপ্তানির ধীরগতি।

তিনি আরও জানান, শিল্প খাতকে এগিয়ে নিতে সরকার স্বল্প জ্বালানি নির্ভর শিল্পে বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা মেটানো এবং সক্ষমতা বাড়াতে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতের সম্ভাব্য সংকট মোকাবিলায় তেল ও গ্যাস মজুদের পরিকল্পনাও করছে সরকার।

পাট খাতের উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ‘ক্রাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন করা হচ্ছে। এটি সফল হলে বিদেশ থেকে পাট বীজ আমদানির প্রয়োজন কমে আসবে।

পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা প্রশাসক মো. রায়হান কবির।

আরও খবর

Sponsered content