সারাদেশ

টানা আট দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বুড়িমারী স্থল বন্দর।

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ২০ মে ২০২৬ , ১১:০০:৩৩ প্রিন্ট সংস্করণ

বুড়িমারী স্থলবন্দরের সামনের সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পণ্যবাহী ট্রাক।

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এবং স্থল শুল্ক স্টেশনে টানা আট দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। তবে এ সময়েও ইমিগ্রেশন সেবা চালু থাকবে বলে জানিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন।

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দুই দিন আগে অর্থাৎ ২৫ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। এর ফলে বন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা আট দিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে এবং পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইমিগ্রেশন, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতেই আট দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুর রহমান বলেন, বন্দর এলাকায় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার চিঠি তারা পেয়েছেন। তবে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে এবং ভিসা-পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে কোনো বাধা থাকবে না।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

এদিকে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমানও জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের কথা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের অবহিত করেছে।

আরও খবর

Sponsered content