নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেস্ক ১২ মে ২০২৬ , ৬:০৬:৩১ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এবং ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি আবেদন গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু করা হয়। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। বিকাশ, রকেট এবং অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়া মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর অথবা ৫.০০ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার কিংবা আর্কিটেকচার পরীক্ষায় গড়ে অন্তত ৬০ শতাংশ নম্বর অথবা ৪.০০ স্কেলে সিজিপিএ ৩.০০ অর্জন করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধুমাত্র ২০২৪ সাল ও পরবর্তী সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যেতে পারে।
এছাড়া মেকানিক্যাল, আইপিই এবং এমএমই বিভাগের আবেদনকারীদের একটি আবেদনের মধ্যেই বিভাগভিত্তিক পছন্দক্রম দিতে হবে। তবে কেউ একাধিক বিভাগে ভর্তি পরীক্ষা দিতে চাইলে আলাদা আবেদন করতে হবে।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।







