প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ , ৮:০৩:৩৫ প্রিন্ট সংস্করণ
যুক্তরাজ্যের গ্লুস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ব্যবহার করছে। রোববার (২৬ এপ্রিল) ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারশায়ার লাইভ-এর প্রতিবেদন অনুযায়ী, রোববার ভোররাতে আগুন লাগার পর দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। অগ্নিনির্বাপক বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুন বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রয়্যাল এয়ার ফোর্সের নিজস্ব কোনো উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।
তবে ওই বিমানঘাঁটিতে বর্তমানে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অগ্নিকাণ্ডের কারণে মার্কিন বাহিনীর চলমান সামরিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

















