রাজনীতি

ছাত্রদল-শিবির সংঘর্ষ, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আহত ৬

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ , ৮:২৬:৫৫ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলা সদরের শান্তিনগর এলাকায় প্রথম দফায় এবং বিকেলে হাসপাতাল পাড়ায় দ্বিতীয় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছাত্রদলের উপজেলা কমিটির আহ্বায়ক রুবেল পাটোয়ারী, কর্মী রাকিব ও আপন রয়েছেন। অন্যদিকে ছাত্রশিবিরের আহতদের মধ্যে উপজেলা কমিটির সভাপতি সুজন মিয়া, কর্মী মাহিন ও শরিফুল ইসলাম রয়েছেন। তাদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে ফেসবুকে পোস্ট ও পাল্টা পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের আরও কর্মী ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। ছাত্রদলের অভিযোগ, সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজে দেয়াললিখনকে কেন্দ্র করে শিবিরের নেতারা ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেন। এ বিষয়ে জানতে গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে শিবিরের কর্মীরা হামলা চালায় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন জড়ো করে পুনরায় হামলা চালায়।

অন্যদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সকালে শান্তিনগর এলাকায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিবির নেতা সুজন মিয়া ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় আঘাত পান এবং আরও একজন শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content