নির্ভীক কন্ঠ: নিজস্ব প্রতিবেদন ১০ মে ২০২৬ , ৮:৩৩:৫৮ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার (১০ মে) ভোরে ফতুল্লার উত্তর ভুঁইগড় এলাকার গিরিধারা মহল্লায় শাহজাহান মিয়ার বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন ওই বাসার ভাড়াটিয়া মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। তিনি বলেন, মো. কালামের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার স্ত্রী সালমার ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে মুন্নির ৩৫ শতাংশ এবং ছোট মেয়ে কথার শরীরের প্রায় ৫২ শতাংশ দগ্ধ হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাড়ির নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটের রান্নাঘরের গ্যাস লাইনে লিকেজ ছিল। সেখান থেকে নির্গত গ্যাস বদ্ধ ঘরের মধ্যে জমে বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি করে।
তিনি আরও জানান, সকালে রান্নার জন্য চুলা জ্বালানোর সময় আগুনের সংস্পর্শে এসে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটারও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

















