সারাদেশ

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়া হয়, ওসিসহ ৬ সদস্য আহত

  প্রতিনিধি ৫ মে ২০২৬ , ৭:৪০:০৮ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ ডজনখানেক মামলার পলাতক আসামি শামীম মিয়া (৪২)কে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানার ওসিসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।

শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেদের ছেলে। তিনি রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত।

আহতদের মধ্যে রয়েছেন রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, এসআই রৌশন আলী, এসআই সিরাজুল ইসলাম, এসআই নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ ও শাহদাৎ হোসেন। তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে রূপগঞ্জ থানা পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে শামীম মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে তার সমর্থক ও কিছু দুর্বৃত্ত মিছিল বের করে দেশীয় অস্ত্র—রামদা, লোহার রড, ছুরি ও লাঠিসোঁটা—নিয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে।

একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের একটি ওয়াকি-টকি ও দুটি মোবাইল ফোনও নিয়ে যায় তারা।

খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১২ জনকে আটক করা হয়।

আটকরা হলেন—সাথী আক্তার (৩১), গোলাম কিবরিয়া (৩৬), দাদন মিয়া (৫১), ইমরান হোসেন (৩০), সাব্বির হোসেন (১৮), ইউনুস আলী (৩০), ইউসুফ মিয়া (৩৫), সুমন মিয়া (২৬), শফিকুল ইসলাম (২২), আজগর আলী (২৫), রুহুল আমীন (২৬) ও আফছার উদ্দিন (৪২)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহদী ইসলাম জানান, হামলায় রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিনসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় এবং অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content