রাজনীতি

৩২ লাখ টাকায় মন্ত্রীর গরু কেনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন পাটওয়ারী।

  প্রতিনিধি ২৭ মে ২০২৬ , ১২:৪০:৩৬ প্রিন্ট সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ভিডিও থেকে সংগ্রহিত

৩২ লাখ টাকা ব্যয়ে এক মন্ত্রীর গরু কেনাকে কেন্দ্র করে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে এত বড় অঙ্কের অর্থ ব্যয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব মন্তব্য করেন। তিনি বলেন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বার্ষিক বেতন যদি ৪২ লাখ টাকা হয়ে থাকে, তাহলে সেখান থেকে ৩২ লাখ টাকা শুধু গরু কেনার পেছনে ব্যয় করলে বাকি সময় তার সংসার কীভাবে চলে—এ প্রশ্নের উত্তর দেশের মানুষ জানতে চায়। এই হিসাবের স্বচ্ছ ব্যাখ্যা বাংলাদেশবাসীর সামনে তুলে ধরার দাবি জানান তিনি।

এর আগে একই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি প্রসঙ্গেও কথা বলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে চুক্তি করেছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। অথচ বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকারসহ অন্যদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়, তখন এ বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না। বলা হচ্ছে, চুক্তির আগে সব রাজনৈতিক দলকে জানানো হয়েছিল। কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। চুক্তি সম্পন্নের জন্য ৯০ দিনের সময় থাকলেও সরকার মাত্র এক মাসের মধ্যেই তা চূড়ান্ত করেছে, অথচ আরও দুই মাস সময় হাতে ছিল।’

দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আমাদের মতে সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকারের নিজস্ব নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে এবং আড়াল থেকে অন্য কেউ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এমন অবস্থায় তৃতীয় কোনো পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘এই অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে দেশকে বিভিন্ন চুক্তিতে বাধ্য করার চেষ্টা হতে পারে। এমনকি জনগণের কাউকে হত্যা করে এমন পরিস্থিতি সৃষ্টি করা হতে পারে, যার মাধ্যমে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি।’

আরও খবর

Sponsered content