প্রতিনিধি ৬ মে ২০২৬ , ৪:২৩:৪৩ প্রিন্ট সংস্করণ
ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চে একটি অস্বাভাবিক পারিবারিক মামলাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দুই সহোদরা বোন নিজেদের স্বামী বিনিময়ের অনুমতি চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়া জেলার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও মেয়েকে তার ভায়রাভাই জোরপূর্বক নিয়ে গেছেন। এ অভিযোগের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের হাজির করতে পুলিশকে নির্দেশ দেয়।
পরবর্তীতে আদালতে হাজির হলে তথাকথিত ‘অপহৃত’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর সঙ্গে গিয়েছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও উল্লেখ করেন, নিজের স্বামীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক সন্তোষজনক নয় এবং এ বিষয়ে তিনি ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, অপর বোনও আদালতে একই ধরনের বক্তব্য দেন। তিনি জানান, নিজের স্বামীর সঙ্গে সংসার করতে আগ্রহী নন; বরং বোনের স্বামীর সঙ্গে থাকতে চান। দুই বোনই আদালতের কাছে স্বামী বিনিময়ের অনুমতি প্রার্থনা করেন।
সব পক্ষ প্রাপ্তবয়স্ক হওয়ায় বিচারপতি পর্যবেক্ষণে বলেন, এটি কোনো ফৌজদারি অপহরণের ঘটনা নয়; বরং একটি পারিবারিক বিরোধের বিষয়। আদালত তাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিষয়টি মীমাংসার পরামর্শ দেন।
শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেওয়া হয়। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

















