সারাদেশ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে গরুর রশি দিয়ে বেঁধে রাখার হুমকি দিলেন ছাত্রদল নেতা।

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ২৫ মে ২০২৬ , ৮:১১:২৬ প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করে আলোচনায় এসেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির রায়হান বাবু। রোববার (২৪ মে) রামগঞ্জে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডিম নিক্ষেপ নয়, কোরবানির গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলার ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তির প্রতিবাদে রামগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জহির রায়হান বাবু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কোরবানি শেষে গরুর দড়িগুলো যত্ন করে সংরক্ষণ করতে হবে। কারণ নাসীরুদ্দীন পাটওয়ারী রামগঞ্জে এলে তাকে সেই দড়ি দিয়েই বেঁধে রাখা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নিজের বক্তব্যে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এটি শুধু ট্রেলার, সামনে পুরো ছবি দেখা যাবে। যারা যুবদল ও বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কেউ যদি শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে ট্রেলারের বদলে পূর্ণদৈর্ঘ্য সিনেমা শুরু হবে।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, যারা ইতিবাচক ও শালীন রাজনৈতিক চর্চা করবেন, তাদের প্রতি ছাত্রদলের কোনো আপত্তি নেই। তবে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে ছাত্রদল নীরব থাকবে না।

এদিকে, জহির রায়হান বাবুর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও খবর

Sponsered content