নির্ভীক কন্ঠ : ডিজিটাল ডেক্স ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩:২৩:৩৬ প্রিন্ট সংস্করণ
ঢাকার আদালত থেকে কাশিমপুর কারাগারে ফেরার পথে পুলিশ হেফাজত থেকে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় গাড়িচালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ ও দায়িত্বে অবহেলা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন।
জিএমপি কমিশনার জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গাড়িচালকসহ বিভিন্ন পর্যায়ের পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি উপপুলিশ কমিশনার (সদর দপ্তর)-এর নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে গাজীপুর থেকে ঢাকায় আনা হয়। আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর বিকেলে তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ নেওয়া হচ্ছিল।
পুলিশ সূত্রের ভাষ্য, ফেরার পথে গাজীপুরের নাওজোর এলাকায় পৌঁছানোর পর পিচ্চি রাজা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা জানায়। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা প্রিজন ভ্যান থামিয়ে তাকে স্থানীয় একটি শৌচাগারে নিয়ে যান। সেখান থেকেই কৌশলে পুলিশ হেফাজত এড়িয়ে পালিয়ে যায় সে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জ্যেষ্ঠ জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকা থেকে কারাগারে ফিরিয়ে নেওয়ার সময় নাওজোর এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে পিচ্চি রাজা পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, পিচ্চি রাজা রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি। গত ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার সময় বিমানবন্দর এলাকা থেকে তার স্ত্রী ও শ্যালকসহ তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে প্রায় ২৫টি মামলা রয়েছে।
পালিয়ে যাওয়া পিচ্চি রাজাকে পুনরায় গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
















