খেলা

মরক্কোর বিপক্ষে হোঁচট, ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্রাজিলকে

  নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ১৪ জুন ২০২৬ , ৩:০৯:৩৩ প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না ব্রাজিলের জন্য। প্রথমার্ধের ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে সেলেসাওরা। ফলে ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র ফল নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল ও মরক্কো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মরক্কো। বিশেষ করে প্রথম ১০ মিনিটে হাই-প্রেসিং কৌশলে ব্রাজিলের রক্ষণভাগে একের পর এক চাপ সৃষ্টি করে আফ্রিকার প্রতিনিধিরা।শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে পায় ব্রাজিল। সেলেসাওদের একটি দ্রুত পাল্টা আক্রমণ থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ সম্ভাবনাময় সুযোগ তৈরি হয়। সতীর্থের নিখুঁত পাস পেয়ে অনুকূল অবস্থানে বল নিয়ন্ত্রণে নেন ইগর থিয়াগো। তবে শেষ মুহূর্তে তিনি সুযোগটি কাজে লাগাতে না পারায় গোলের দেখা পায়নি ব্রাজিল।

এর কিছুক্ষণ পরই ম্যাচে এগিয়ে যায় মরক্কো। ২১তম মিনিটে একটি চমৎকার থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্ত করেন মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ শটে বল জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন তিনি।তবে ম্যাচের ৩২তম মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। বাম প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে মরক্কোর ডি-বক্সে প্রবেশ করে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। তার এই গোলে ১-১ সমতা ফিরিয়ে আনে সেলেসাওরা। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় সমান সমান স্কোরলাইন নিয়েই।

বিরতির পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ব্রাজিল একাধিক সম্ভাবনাময় সুযোগ তৈরি করলেও সেগুলোকে গোলে রূপ দিতে পারেনি। অন্যদিকে মরক্কোও ব্যবধান গড়ার চেষ্টা চালিয়ে যায়। তবে নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো দলই জালের দেখা না পাওয়ায় ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয় এবং পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

আরও খবর

Sponsered content