নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ১ জুন ২০২৬ , ৯:৪৪:২৮ প্রিন্ট সংস্করণ
বর্তমান সরকারের মন্ত্রিসভায় চলমান পুনর্বিন্যাস ও পরিবর্তনের ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্বশরীরে তার পদত্যাগপত্র জমা দেন। পরে প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন বলে জানা গেছে।

তার এই পদত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা তৈরি হলেও পদত্যাগপত্রে তিনি নিজেই সিদ্ধান্তের কারণ স্পষ্টভাবে তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে দীপেন দেওয়ান উল্লেখ করেন, “আমি দীপেন দেওয়ান, এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছি। বর্তমানে আমার শারীরিক অবস্থার কারণে মন্ত্রণালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করতে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।”
চিঠিতে তিনি আরও বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রমের গতি অক্ষুণ্ন রাখার স্বার্থেই তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বে বহাল থাকা সমীচীন হবে না। সে কারণেই বর্তমান পদ থেকে অব্যাহতি নেওয়াকে তিনি প্রয়োজনীয় বলে মনে করেছেন।
এ কারণে পদত্যাগপত্রে উল্লেখিত কারণগুলো বিবেচনায় নিয়ে দ্রুত তার অব্যাহতির আবেদন গ্রহণ করার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানান।
উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য অঞ্চলের পর্যটন খাত নিয়ে ছড়িয়ে পড়া নানা নেতিবাচক ধারণা ও ভীতি উপেক্ষা করে পর্যটনের সম্ভাবনা বিকাশে আশাবাদ ব্যক্ত করেছিলেন দীপেন দেওয়ান। তবে শেষ পর্যন্ত দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণেই তাকে মন্ত্রিসভার দায়িত্ব ছাড়তে হয়েছে।











