প্রতিনিধি ৮ মে ২০২৬ , ৮:৪৫:০৮ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে দেখা মিলেছে এক রহস্যঘেরা আলোর রেখা। বিশেষ করে পর্যটননগরী কক্সবাজার ও মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে এই অস্বাভাবিক আলোকচ্ছটা প্রত্যক্ষ করার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট এলাকায় হঠাৎ আকাশে ভেসে ওঠে ওই আলোকরেখা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক মিনিট ধরে সেটি দৃশ্যমান ছিল। স্থানীয় বাসিন্দা হোছাইন মোহাম্মদ মিশুক বলেন, “আমরা কয়েকজন বন্ধু সৈকতে বসে গল্প করছিলাম। হঠাৎ করেই আকাশে অদ্ভুত ধরনের একটি আলো দেখতে পাই। পরে দ্রুত সেটি মোবাইল ফোনে ধারণ করি। আসলে বিষয়টি কী ছিল, তা বুঝতে পারিনি।”
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়। কেউ এটিকে ভিনগ্রহের যান বা ইউএফও বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি উল্কাপাত কিংবা দূরপাল্লার কোনো ক্ষেপণাস্ত্রের আলোর প্রতিফলন হতে পারে।
একই সময়ে মাদারীপুর জেলার জজকোর্ট এলাকা, মোস্তফাপুর ও শিবচর থেকেও আকাশে ওই রহস্যময় আলো দেখা গেছে বলে জানা যায়। শিবচরের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, আকস্মিকভাবে আকাশে এমন আলো দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আকাশে আলোর বিচরণ লক্ষ্য করা যায়।
এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, এটি আবহাওয়াজনিত কোনো ঘটনা নয়। তার ধারণা, ভারতের জলসীমা অথবা উড়িষ্যা উপকূলের দিক থেকে পরিচালিত কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলেই এমন আলোকচ্ছটার সৃষ্টি হয়ে থাকতে পারে।
এর আগেও ভারতের ‘অগ্নি’ সিরিজের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে একই ধরনের আলোর রেখা দেখা গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের উচ্চস্তরে পৌঁছালে সূর্যাস্তের পর অবশিষ্ট আলো ও জ্বালানির দহনের কারণে আকাশে এমন উজ্জ্বল আলোকরেখা তৈরি হতে পারে।

















