প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৬ , ২:৪১:১০ প্রিন্ট সংস্করণ
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে আটক করেছে। এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ, যার উদ্ধৃতি দিয়েছে আল জাজিরা।

কেরমানশাহ প্রদেশে পরিচালিত অভিযানে ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। আইআরজিসির দাবি, আটককৃতরা সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে চারজনকে মোসাদের সঙ্গে জড়িত সন্দেহে গুপ্তচর হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কুর্দিস্তান প্রদেশে চালানো অভিযানে ১১ জনকে আটক করার পাশাপাশি একজন কুর্দি সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে বাহিনীটি। এছাড়া পৃথক আরেকটি অভিযানে আরও ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানগুলোর সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি। তেহরান জানিয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে রাজধানী তেহরানে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে, যার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠানোর অভিযোগ রয়েছে।

















