প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৬ , ১২:১৪:২৯ প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইলের ভূঞাপুরে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে নিয়ে ভয়াবহ একটি ঘটনার খবর পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তাকে রাতভর সংঘবদ্ধভাবে নির্যাতন করা হয় এবং পরে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে নিজ বাড়িতে পৌঁছে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, উপজেলার জিগাতলা গ্রামের ওই তরুণীটি মানসিকভাবে অসুস্থ। প্রতিদিনের মতো সেদিনও সন্ধ্যার পর সে বাড়ি থেকে বের হয়ে যায় এবং রাস্তায় চলাফেরা করছিল। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, বৃষ্টির কারণে সে ঘরেই রয়েছে। তাই বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।
পরদিন সকালে রাউৎবাড়ি এলাকায় এক নারী গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে ধানক্ষেতে ওই তরুণীকে হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, সারা রাত নির্যাতনের পর দুর্বৃত্তরা তাকে সেখানে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা বাড়ি থেকে কাপড় এনে তাকে উদ্ধার করে নিয়ে যান। উদ্ধারকালে তার চোখেমুখে ছিল তীব্র আতঙ্কের ছাপ; আশেপাশের মানুষ দেখলেই ভয় পাচ্ছিল এবং তার চোখে পানি ভাসছিল।
পরিবারের সদস্যরা জানান, জন্ম থেকেই মেয়েটি মানসিক ভারসাম্যহীন। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এলাকাবাসীও জানান, মেয়েটি সবার কাছে পরিচিত ও স্নেহের পাত্র ছিল। তার সঙ্গে এমন নৃশংস ঘটনা কেউ মেনে নিতে পারছে না। অনেকের ধারণা, মাদকাসক্ত কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমান জানিয়েছেন, তরুণীকে উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

















