প্রতিনিধি ৬ মে ২০২৬ , ৬:২৬:১৫ প্রিন্ট সংস্করণ
জেলে, মৎস্য আহরণকারী ও মৎস্যখামারিদের কৃষক কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করা হবে এবং এই কার্ডের মাধ্যমে তাদের ঋণ সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৬ মে) দুপুরে কাপ্তাই হ্রদ-এ রাঙ্গামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের পোনা অবমুক্তকরণ এবং জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিয়োজিত জেলেদের কৃষক কার্ডের আওতায় আনা হবে। পাশাপাশি সহজ শর্তে ঋণ সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। এর ফলে জেলেদের আর্থিক সুরক্ষা বাড়বে এবং তারা বিকল্প আয়ের সুযোগে যুক্ত হতে পারবেন।’
তিনি আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে প্রায় ১০ ধরনের সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে মাছের প্রজনন বৃদ্ধি এবং হ্রদের নাব্যতা পুনরুদ্ধারে কাপ্তাই হ্রদে খনন কার্যক্রম দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘কাপ্তাই লেক বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই লেককে দূষণমুক্ত রাখতে হবে, আর সে জন্য সবাইকে সচেতন হতে হবে।’

















