নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেস্ক ১০ মে ২০২৬ , ৮:০৪:৫৭ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের গফরগাঁওয়ে নুরুল হক হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট ইন্সপেক্টর মোস্তাছিনুর রহমান।
রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে। সাজাপ্রাপ্তরা হলেন গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।
আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে শিলাসী গ্রামে নুরুল হকের বাড়ির পাশের একটি বড়ই বাগানে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। একপর্যায়ে বল গিয়ে নুরুল হকের টিনের বেড়ায় আঘাত করলে তিনি ক্ষুব্ধ হয়ে তাদের খেলা বন্ধ করে দেন এবং সেখান থেকে তাড়িয়ে দেন।
পরে ওই শিশুদের স্বজন শাহবাজ মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে দেশীয় অস্ত্র দিয়ে নুরুল হকের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।
মামলায় সাক্ষ্যগ্রহণ, জেরা এবং উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তিনজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে মামলার অন্য আসামিদের খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মাসুদুল আলম খান তান্না। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান।













