নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ৬ জুলাই ২০২৬ , ১১:৫১:৪১ প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে এ মামলায় একজন আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। অপরদিকে ইদ্রিস আলীকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। দণ্ডিত ও খালাসপ্রাপ্ত সবাই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
মামলার বাদী ওই গৃহবধূর বাড়ি শেরপুর জেলার চকপাঠক গ্রামে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাত প্রায় ১২টার দিকে ওই গৃহবধূ শেরপুর জেলার ঝগড়ারচর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইকে করে বকশীগঞ্জের জানকিপুরে তার ভাড়া বাসায় ফিরছিলেন। পথে ইজিবাইক থামিয়ে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি ভ্যানে তুলে নেয়। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে পালাক্রমে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার পরদিন ভুক্তভোগী নিজেই বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয় এবং আরও তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে প্রায় আট মাস পর, চলতি বছরের ১৫ এপ্রিল, তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পর আদালত আজ এই রায় ঘোষণা করেন।
















