নির্ভীক কন্ঠ: ডিজিটাল ডেক্স ২৭ মে ২০২৬ , ১:২৩:২৭ প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির চেতনাকে সামনে রেখে তিনি বিশ্বব্যাপী শান্তি, সৌহার্দ্য ও স্থিতিশীলতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছাবার্তা ও প্রার্থনার কথা তুলে ধরেন।
পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত, তাকওয়ার মহিমান্বিত শিক্ষা এবং আত্মশুদ্ধির অনুপম বার্তা নিয়ে প্রতি বছরের মতো আবারও বিশ্ব মুসলিমের সামনে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র ঈদের শুভক্ষণে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। একই সঙ্গে বিশ্ববাসীর প্রতিও রইল পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা।’
ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। ইসলামের এই মহিমান্বিত উৎসব কেবল আনন্দের উপলক্ষ নয়, বরং এটি মহান স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস, আত্মসমর্পণ ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে।’
হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত ইব্রাহিম (আ.) যে অবিচল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে আরও মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।’
পোস্টে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ ও কোরবানি কবুল করেন। আমাদের প্রিয় মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব এবং মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যও মহান আল্লাহর দরবারে দোয়া করছি।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ত্যাগের মহিমায় আলোকিত হোক পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করুন। তাঁর অসীম রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি, কল্যাণ ও সমৃদ্ধিতে।’

















