নির্ভীক কন্ঠ : ডিজিটাল ডেক্স ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ৮:২০:৫৩ প্রিন্ট সংস্করণ
পাবনায় নিবন্ধন ছাড়াই সার মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক দুটি অভিযানে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ বিভিন্ন ধরনের ৩৮১ বস্তা সারও জব্দ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়াই সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির চেষ্টার বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়।
অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই স্থান থেকে ১৩০ বস্তা সার জব্দ করা হয়।
অন্যদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক অভিযানে একই বাজারের ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা বিভিন্ন ধরনের ২৫১ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার সরকারি নির্ধারিত দামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার দায়িত্ব উপজেলা কৃষি কর্মকর্তাকে দেওয়া হয়েছে। অন্যদিকে আবদুল মান্নানের গোডাউন থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে সংরক্ষণ করে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত কিংবা কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

















