নির্ভীক কন্ঠ: ডিজিটাল রিপোর্ট ২৩ মে ২০২৬ , ৬:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের পর গলা চেপে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা ও মধুপুর উপজেলার সীমান্তবর্তী রসুলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম শফু (৩৫) পার্শ্ববর্তী চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রসুলপুর বাজারের মুদি দোকানদার আল আমীনের কাছে শফিকুল ইসলামের তিন হাজার টাকা পাওনা ছিল। শনিবার বিকেলে ওই টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। অভিযোগ রয়েছে, এ সময় আল আমীন দোকানের শাটারের সঙ্গে শফিকুল ইসলামকে ধাক্কা দেন এবং দুই হাতে তার গলা চেপে ধরেন।
এতে শফিকুল ইসলাম অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য বকুল মুন্সি নামে একজনকে আটক করেছে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

















