প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৬ , ৬:০৫:০১ প্রিন্ট সংস্করণ
রাজধানীর নিউ মার্কেট থানার অন্তর্গত শাহনেওয়াজ হল সংলগ্ন বটতলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে নিউ মার্কেটের পাশের ওই বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম খন্দকার নাইম আহম্মেদ টিটন (৩৮)। তিনি রাজধানীর জিগাতলার হাজারীবাগ এলাকার বাসিন্দা ফখরুদ্দিন আহম্মেদের ছেলে।
পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেজবাহ জানান, শহীদ শাহনেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে দুটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড এবং বাম বগলের নিচে ১ রাউন্ড গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তির মাথা ও বগলের অংশে গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউ মার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

















